মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের পোরাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার “সি” সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে রাত্রীকালীন স্পেশাল ডিউটিতে থাকা এসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় পোরাব এলাকায় হাজী লোকমান হোসেনের হাফসা জুট মিলের সামনে থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আবু হানিফ (৩২), পিতা: মৃত সুর্য মিয়া, মাতা: হেনা বেগম, গ্রাম: লাভড়াপাড়া এবং মো. ইউসুফ মোল্লা (২০), পিতা: মো. ইয়াছিন মোল্লা, মাতা: জাহানারা বেগম, গ্রাম: ঠাকুর বাড়ীরটেক। তারা উভয়েই রূপগঞ্জ উপজেলার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আবু হানিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইতোমধ্যে ৮টি মাদক মামলা এবং একটি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক কারবার দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।