রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশবিষয়ক ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ’ (এপিপিজি)-এর চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করা এবং চলমান সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের অব্যাহত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে যুক্তরাজ্য পার্লামেন্ট, বাংলাদেশ সরকার এবং যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে এপিপিজির ভূমিকার প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও দেশের বাস্তব পরিস্থিতি যুক্তরাজ্য পার্লামেন্টে যথাযথভাবে তুলে ধরতে এপিপিজির সহযোগিতাও কামনা করেন হুমায়ুন কবির।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলমান এ সংকট এখন শুধু মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, অনিয়মিত অভিবাসনসহ বিভিন্ন ধরনের ঝুঁকি যুক্ত হচ্ছে।

ব্রিটিশ প্রতিনিধিদল জানায়, তারা বুধবার (৭ অক্টোবর) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

প্রতিনিধিদলটি জানায়, রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্য পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকারসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রতিনিধিদলে এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *