নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের রাজৈর উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (৪০তম বিসিএস) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মী ও দৈনিক স্বাধীন পত্রিকার প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে রাজৈরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
রাজৈরে নতুন কর্মস্থলে যোগদানের পর স্থানীয় গণমাধ্যমকর্মী ও দৈনিক স্বাধীন পত্রিকার প্রতিনিধিরা তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান। এ সময় প্রতিনিধিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দৈনিক স্বাধীন পত্রিকার একটি কপি উপহার দেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাজার মনিটরিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও আলোচনা করা হয়।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) উপজেলার ভূমি-সংক্রান্ত সেবাগুলোকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও সহজ করার বিষয়ে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত নামজারি (মিউটেশন) ও অন্যান্য ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন তিনি।
এ সময় প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং রাজৈর উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সৌজন্য সাক্ষাতে দৈনিক স্বাধীন পত্রিকার প্রতিনিধি রকিবুল হাসান (বাবুল), মহিদ্দিন চৌধুরী (হীরা), আমার সংবাদের প্রতিনিধি আমিনুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।