আবু সায়েদ:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে (২১ জুলাই) উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়িবাঁধ এলাকার আবুল হোসেন সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন। আবুল হোসেন পেশায় একজন জেলে। অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি।
আবুল হোসেনের স্ত্রী খালেদা আক্তার জানান, তার স্বামী আবুল হোসেন ও শামিম গাজী দেশীয় অস্ত্রগুলো ঘরে এনে রাখেন। বিষয়টি দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে যায়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে তার স্ত্রী খালেদা আক্তার ঘরে অস্ত্র থাকার বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”