মোঃ রাসেল:
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর বান্দরবানের লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি নতুন রূপ পাচ্ছে। লামা উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে মাঠের সংস্কারকাজ এবং নতুন গোলবার স্থাপনের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের আন্তরিক ও সময়োপযোগী এই পদক্ষেপে লামার সর্বস্তরের ক্রীড়ামোদী মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগেরও বেশি সময় আগে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুরুল ইসলাম স্যারের হাত ধরে এই মাঠে গোলবার স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব, কালের ক্ষয় এবং মরিচা ধরে গোলবারগুলো সম্পূর্ণ নষ্ট ও খেলার অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে স্থানীয় তরুণ ও ক্রীড়াবিদদের নিয়মিত খেলাধুলা ব্যাহত হচ্ছিল।
খেলোয়াড়দের এই দীর্ঘদিনের সমস্যা দূর করতে অবশেষে এগিয়ে এসেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। তাঁর আন্তরিক তত্ত্বাবধানে মাঠটি খেলার উপযোগী করে তুলতে সংস্কারকাজ শুরু হয় এবং পুরোনো মরিচা ধরা গোলবারগুলো সরিয়ে আধুনিক ও নতুন গোলবার স্থাপন করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে লামার ক্রীড়া সংগঠন ও স্থানীয় যুবসমাজ। লামা উপজেলার সর্বস্তরের ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করছেন, মাঠের এই সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর লামার ফুটবল ও সামগ্রিক ক্রীড়াঙ্গন আবার নতুন উদ্যমে প্রাণ ফিরে পাবে এবং স্থানীয় কিশোর-তরুণেরা মাঠমুখী হতে উদ্বুদ্ধ হবে।