স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের নৈশভোজ অনুষ্ঠান হঠাৎ গুলির শব্দে আতঙ্কে ভরে ওঠে। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে ঘটে যাওয়া এই ঘটনায় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আকস্মিক এ পরিস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দ্রুত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে তাড়াহুড়োর মধ্যে চেয়ার থেকে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প, যা ঘটনাটিকে আরও নাটকীয় করে তোলে।
ঘটনাটি ঘটে ওয়াশিংটন হিলটন হোটেলের একটি বাঙ্কেট হলে, যেখানে প্রতিবছরের মতো এবারও সংবাদমাধ্যম সংশ্লিষ্টদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ঠিক সেই সময় হঠাৎ বিকট শব্দে চমকে ওঠেন উপস্থিত সবাই। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায় এবং নিরাপত্তা কর্মীরা দ্রুত সক্রিয় হয়ে ওঠেন।
ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্টকে ঘিরে ফেলেন সিক্রেট সার্ভিস সদস্যরা। তারা চিৎকার করে বলেন, “গুলি চলছে”। এর আগেই দ্রুত সরিয়ে নেওয়া হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এরপর নিরাপত্তা সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে নিতে গেলে তিনি চেয়ার থেকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। তবে সঙ্গে সঙ্গে তাকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। এক কর্মকর্তা জানান, এ ঘটনায় প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি বা মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন।
প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন এবং তিনি আবার অনুষ্ঠানে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিস তাকে আপাতত অনুষ্ঠানে ফিরতে নিষেধ করেছে।
বার্তাসংস্থা এপিকে নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানান, এক বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি ছোড়ে। তবে তাকে আটক বা নিহত করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, প্রতি বছর হোয়াইট হাউসের অধীনে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই নৈশভোজের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া অঙ্গনের তারকা ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকেন। এবারের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু হঠাৎ গুলির শব্দে মুহূর্তেই আনন্দঘন পরিবেশ আতঙ্কে রূপ নেয়।
ঘটনার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মার্কিন সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন। তিনি তাদের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানান।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কীভাবে একজন বন্দুকধারী প্রবেশ করতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।