শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার:

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে ২১ জুলাই ২০২৬ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক মিরপুর বিভাগ।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ১০টায় ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএমের সার্বিক সহযোগিতায় ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী, মিরপুর ও দারুসসালাম জোনে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের প্রথম দিনেই মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, গাবতলী বাস টার্মিনাল ও চেকপোস্টে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার, বিকন লাইট, ভিআইপি লাইট এবং শব্দদূষণ সৃষ্টিকারী অন্যান্য সরঞ্জাম অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম বলেন, মিরপুরবাসীর স্বস্তি নিশ্চিত করতে শব্দদূষণ সৃষ্টিকারী অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অন্যান্য নিষিদ্ধ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান সপ্তাহব্যাপী চলবে। মিরপুরে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিশেষ অভিযানের নেতৃত্ব দেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানিয়া সুলতানা, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আমজাদ হোসেন, সার্জেন্ট (প্রশাসন) নিশীত কুমার, মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর আসাদুজ্জামান, সার্জেন্ট (প্রশাসন) আমজাদ হোসেন, দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) গোলাম মোস্তফা, সার্জেন্ট ইমরান হোসেনসহ অন্যান্য ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবলরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *