শরীরে স্কচটেপে প্যাঁচানো ৭ কেজি গাঁজা নিয়ে ঢাকাগামী বাসে দুই নারী, চান্দিনায় হাইওয়ে পুলিশের জালে ধরা

মোঃআনজার শাহ :-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। শরীরে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে (বডি ফিটিং) মাদক প্যাঁচিয়ে পরিবহনের চেষ্টার সময় পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে ধরা পড়েন তারা।

রোববার (২৮ জুন) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে কুমিল্লা রিজিয়নের নেতৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একটি দল মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এই অভিযান চালায়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. আব্দুল বারেক সঙ্গীয় ফোর্সসহ ঢাকাগামী পাপিয়া ট্রান্সপোর্টের দুটি পৃথক যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় দুই নারী যাত্রীর শরীরে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে (বডি ফিটিং) প্যাঁচানো অবস্থায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আঞ্জু বেগম (৪৫), স্বামী মানিক মিয়া, গ্রামের বাড়ি কৈখালী, ভাঙ্গা, ফরিদপুর। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ব্যাংকের মাঠ বস্তির বাচ্চু মিয়ার বাড়িতে বসবাস করেন। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

অপর গ্রেপ্তার মৌসুমী (৩৪), স্বামী মো. মাসুদ, পিতা মো. মোস্তফা ও মাতা রুববান। তিনি ঢাকার দারুস সালাম থানাধীন কোর্টবাড়ী বড়বাজার এলাকার ২৬ নম্বর বাসার বাসিন্দা। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার জানান, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মহাসড়কে মাদক পরিবহন ও চোরাচালান প্রতিরোধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *