শিক্ষকের প্রেমে ‘শালিক বালিকা’ তটিনী, থাকছে ভিন্নধর্মী প্রেমের গল্প

বিনোদন ডেস্ক :

দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া। স্কুলের সবচেয়ে সুন্দরী, চঞ্চল ও স্পষ্টভাষী একটি মেয়ে। তবে পড়াশোনার প্রতি তার মনোযোগ খুব একটা নেই। সৌন্দর্যের কারণে প্রতিদিনই অসংখ্য প্রেমের প্রস্তাব আসে তার কাছে, কিন্তু কোনো প্রস্তাবই গ্রহণ করে না সে।

এমন সময় স্কুলে যোগ দেন নতুন গণিত শিক্ষক অয়ন। বয়সে তরুণ এই শিক্ষকের প্রতি প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে পড়ে সুমাইয়া। এরপর নানা অজুহাতে অয়নের কাছাকাছি থাকার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে সাহস করে প্রেমের প্রস্তাবও দেয়। তবে অয়ন জানিয়ে দেন, সুমাইয়া যদি পড়াশোনায় ভালো ফল করতে পারে, তবেই তিনি তার প্রস্তাবের কথা ভাববেন।

শিক্ষকের সেই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় সুমাইয়া। মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলও অর্জন করে। কিন্তু সাফল্যের পর যখন অয়নকে নিজের অনুভূতির কথা জানাতে যায়, তখন তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর কী ঘটে, সেই প্রশ্নের উত্তর মিলবে একক নাটক ‘শালিক বালিকা’-তে।

মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান।

আসছে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *