শ্রীপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মেহেদী হাসান:

গাজীপুরের শ্রীপুরে হয়রানিমূলক, মানহানিকর অপপ্রচার ও মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম মোল্লা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আক্তারুজ্জামান শামীম বলেন, গত ১৮ তারিখে বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। ওই সময় তিনি উপস্থিত না থাকা সত্ত্বেও তাকে জড়িয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হয় এবং কোনো ধরনের তদন্ত ছাড়াই শ্রীপুর থানায় একটি মামলা এন্ট্রি করা হয়। তিনি বলেন, “আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।” তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগে তিনি বরমী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলে একটি মহল তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য প্রচার শুরু করে।

আক্তারুজ্জামান শামীম আরও বলেন, “যদি উপজেলা বিএনপি এবং শ্রীপুর থানা প্রশাসন সঠিক তদন্ত করে আমার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ পায়, আমি সব শাস্তি মাথা পেতে নেব।” তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে তার কোনো রাজনৈতিক বা দলীয় সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা রাজপথে ছিলেন না, তারাই এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ওই মহলের ইশারায় এ মিথ্যা মামলা করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দেখাতে পারলে আমি আর কখনো রাজনীতি করব না।” এ সময় তিনি মামলার তদন্তকারী কর্মকর্তাকে সঠিক তদন্তের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানান।

শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া গেলে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বরমী ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, বিগত দিনের তুলনায় বর্তমানে আক্তারুজ্জামান শামীমের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। একটি ষড়যন্ত্রকারী মহল সংগঠনকে দুর্বল করতে না পেরে এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *