সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে উন্নত বরুড়া গড়ার অঙ্গীকার, শান্তি বিনষ্টে কঠোর হুঁশিয়ারি: কায়সার আলম সেলিম

 

মোঃআনজার শাহ

হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে উন্নত বরুড়া গড়ার প্রত্যয় জানিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। একই সঙ্গে এলাকার শান্তি ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে বরুড়া পৌরসভা এলাকায় যুবদলের নেতাকর্মীরা র‍্যালি বের করেন।
বক্তব্যে কায়সার আলম সেলিম বলেন, নির্বাচনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে বিপুল ভোটে বিজয়ী করতে এলাকার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের সমর্থনেই সুমন সংসদ সদস্য হিসেবে ঢাকায় গেছেন এবং প্রধানমন্ত্রী তাঁকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে এলাকার মানুষকে সম্মানিত করেছেন।

তিনি জানান, সরকার গঠনের সাত মাসের মধ্যেই মন্ত্রী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে কাজ করছেন এবং সব মত ও বর্ণের মানুষকে নিয়ে উন্নত বরুড়া গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন।
সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার উপজেলার ৫৭টি পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করেছেন। নেতাকর্মীরা তাঁদের উৎসবে শামিল হয়ে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন বলে তিনি সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আশ্বাস দেন, দল ও প্রশাসন তাঁদের পাশে আছে।

তবে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানান তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে তাঁর কিছু বলার নেই জানিয়ে তিনি বলেন, যাঁরা অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার অপতৎপরতায় লিপ্ত, তাঁদের বিরুদ্ধে একমাত্র যুবদলই যথেষ্ট। অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
বক্তব্যের শেষ দিকে কায়সার আলম সেলিম বলেন, পৌরসভা যুবদলসহ দলের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থাকবেন এবং অধিকার আদায়ে কাজ করবেন। জাকারিয়া তাহের সুমন ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করে তাঁর পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *