খসরু মৃধা:
সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে একদল মানুষের সম্মিলিতভাবে কাজ করাই সমবায়ের মূল দর্শন। দেশের কৃষকরা মধ্যস্বত্বভোগীদের কারণে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। অন্যদিকে, ক্রেতাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়। সমবায় ব্যবস্থা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে গ্রামীণ অর্থনীতির বঞ্চনা দূর করতে পারে।
রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী করা এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে সমবায় আন্দোলন আরও বেগবান করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায়ের যাত্রা শুরু হয়। বাংলাদেশের ইতিহাসেও গ্রাম সমিতি নামে একটি পদ্ধতি চালু ছিল। তখন গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকরা গ্রাম সমিতিতে অর্থ জমা রাখতেন এবং প্রয়োজনে সেখান থেকে পুঁজি সংগ্রহ করতেন। কিন্তু ব্রিটিশরা এসে তাদের ইউরোপীয় পদ্ধতি চালু করায় স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ ব্যবস্থা ভেঙে পড়ে। পরবর্তী সময়ে সমবায় আন্দোলনের মাধ্যমে আধুনিক সমবায় ব্যবস্থা চালু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। সমবায়ের ভিত্তিতেই একটি সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) চেয়ারম্যান আগাস্টিন পিউরিফিকেশন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।