সরকারের ব্যর্থতার কারণেই ডিসেম্বরে পরিস্থিতি খারাপ হতে পারে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরে কোনো কিছু ঘটলে তার দায় সরকারের ব্যর্থতা এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “ডিসেম্বরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের ব্যর্থতা ও কর্মকাণ্ডের ওপর আমাদের আস্থা নেই। তাই ডিসেম্বরে কিছু হলে তা সরকারের ব্যর্থতার কারণে এবং সরকার ও আওয়ামী লীগের সমঝোতার ফলেই হবে। এনসিপি রাজপথে থেকে তা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির বিরুদ্ধে তাঁরা কর্মসূচি পালন করছেন। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে রাজপথে নামতে হবে। রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে। সরকারকে শায়েস্তা করার আর কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার যথাসময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এ আন্দোলনে ফ্যাসিস্টরা প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করে থাকলে তার দায় সরকারকেই নিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, সারা দেশে ফ্যাসিস্টদের নেতাকর্মীদের বিএনপি আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এখন বিএনপির দখলে রয়েছে বলেও দাবি করেন তিনি।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *