চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বার্সেলোনাকেই এগিয়ে রাখছেন এমেরি

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বার্সেলোনাকেই এগিয়ে রাখছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। কাতালান ক্লাবটির আক্রমণভাগের শক্তির প্রশংসা করার পাশাপাশি তরুণ তারকা লামিন ইয়ামালকে ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলার হিসেবেও অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমেরি বলেন, ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় বার্সেলোনা সব সময়ই শিরোপার অন্যতম দাবিদার। নিজেদের সেরা ছন্দে থাকলে যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রয়েছে দলটির।

এমেরি বলেন, “চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য পাঁচটি দল বেছে নিতে হলে বার্সেলোনা অবশ্যই সেই তালিকায় থাকবে। অতীতেও তারা ফেবারিট ছিল, এখনো আছে। নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকে হারাতে পারে তারা।”

বার্সেলোনার আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য রাফিনিয়া ও লামিন ইয়ামালেরও প্রশংসা করেন ভিলা কোচ। বিশেষ করে ইয়ামালের প্রতিভায় মুগ্ধ এমেরি। তাঁর মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড়দের একজন স্প্যানিশ এই তরুণ।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের কাজেও সন্তুষ্টি প্রকাশ করেন এমেরি। তাঁর মতে, ফ্লিকের অধীনে দলটির খেলার ধরনে আক্রমণাত্মক ফুটবলের স্পষ্ট ছাপ রয়েছে। একই সঙ্গে দর্শকদের উপভোগ করার মতো ফুটবল খেলছে কাতালান ক্লাবটি।

তবে বার্সেলোনার প্রশংসার পাশাপাশি নিজেদের দলের সামনে কঠিন চ্যালেঞ্জের কথাও স্বীকার করেছেন এমেরি। বার্সেলোনার মাঠে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অ্যাস্টন ভিলাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে—এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *