আলমাস হোসেন:
রাজধানীর আদাবরে ভয়ংকর সশস্ত্র ছিনতাইকারী চক্র ধরতে গিয়ে জীবনবাজি রেখে অভিযান পরিচালনা করেন আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম। অভিযানের একপর্যায়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হলেও সাহস হারাননি তিনি। তাঁর নেতৃত্বেই শেষ পর্যন্ত চারজন দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এই বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওসি জাহিদুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাঁর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহাম্মেদ।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি আদাবর এলাকায় ছিনতাই ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওসি জাহিদুল ইসলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ছিনতাইকারীরা অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও পিছু হটেননি ওসি। সাহসিকতার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়ে তিনি অপরাধীদের প্রতিরোধ করেন এবং চারজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
অভিযানের সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ওসি জাহিদুল ইসলাম। পরে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ওসির এই সাহসিকতায় পুলিশ বাহিনীর ভেতরে-বাইরে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর জন্য উপহারসামগ্রী পাঠানো হয় এবং আনুষ্ঠানিকভাবে তাঁকে সম্মাননা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এমন সাহসী কর্মকর্তারাই পুলিশ বাহিনীর গর্ব।
সহকর্মীরা জানান, জাহিদুল ইসলাম বরাবরই দায়িত্ব পালনে নির্ভীক ও কঠোর অবস্থানের জন্য পরিচিত। এর আগেও একাধিক সফল অভিযানে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক অভিযানে একসঙ্গে ২৮ জন বাস ডাকাতকে গ্রেপ্তার করে আলোচনায় আসেন।
এ বিষয়ে ওসি জাহিদুল ইসলাম বলেন,
“জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল দায়িত্ব। দায়িত্ব পালন করতে গিয়ে যদি জীবনও দিতে হয়, তবুও আমরা পিছপা হব না।”
বর্তমানে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই সুস্থ হয়ে আবারও দায়িত্বে ফিরবেন এই সাহসী পুলিশ কর্মকর্তা।