পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় নাঈম হাওলাদার (২৪) ও রনি মাঝি (১৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে নেছারাবাদ থানা পুলিশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরকান্দা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এর আগে গত ৪ সেপ্টেম্বর রিয়াজুল কবির মৃধা বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে শারমিন আক্তার হ্যাপিকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে মামলা করেন।গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অশ্বত্থকাটি গ্রামের শওকত আলীর ছেলে নাঈম হাওলাদার এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরকান্দা গ্রামের নান্নু মাঝির ছেলে রনি মাঝি।মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রধান আসামি শারমিন আক্তার হ্যাপিসহ অন্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজুল কবির মৃধাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। এতে তাঁর সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।বাদী রিয়াজুল কবির মৃধা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এতে আমি সামাজিকভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হয়েছি। বিষয়টি আইনগতভাবে প্রতিকার পাওয়ার জন্যই মামলা করেছি। আসামিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশে অবস্থানরত প্রধান আসামি শারমিন আক্তার হ্যাপিকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারসহ অন্য আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।”এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।