নিজেকে সভাপতি দাবি করে জেলেদের সঙ্গে প্রতারণার অভিযোগ, বজলুর রহমান বাবলুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নাম ও পদবি ব্যবহার করে দেশের মৎস্যজীবীদের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে বজলুর রহমান বাবলুর বিরুদ্ধে। নিজেকে সংগঠনটির সভাপতি দাবি করে বিভিন্ন স্থানে ইউনিট কমিটি গঠন, সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র ব্যবহার এবং বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টন লাইন, বিজনগরের ৭৮/এ নম্বর ভবনে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বজলুর রহমান বাবলু সমিতির প্রতিষ্ঠাকালীন সময় থেকে কখনোই সংগঠনটির সাধারণ সদস্য ছিলেন না। অথচ সম্প্রতি তিনি নিজেকে সংগঠনের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, একসময় পাশাপাশি অফিস থাকায় সমিতির প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ও সাংগঠনিক বিষয় সম্পর্কে অবগত হন বজলুর রহমান বাবলু। পরে এসব তথ্য অবৈধভাবে ব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থে দেশের জেলেদের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের স্বার্থ সংরক্ষণ এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত এখনও সভাপতির দায়িত্বে রয়েছেন বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সংগঠনটির সভাপতির স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরনের নথি ও ডকুমেন্ট তৈরি এবং বিভিন্ন এলাকায় ইউনিট কমিটি গঠন করা হয়েছে। এসব কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ ও বেআইনি দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান সংগঠনের নেতারা।

তারা আরও অভিযোগ করেন, বজলুর রহমান বাবলু কখনোই প্রকৃত অর্থে জেলেদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এরপরও নিজেকে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি দাবি করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে সাধারণ মৎস্যজীবীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ভবিষ্যতে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এর আগেও বজলুর রহমান বাবলুকে বিভিন্নভাবে অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি এসব অনুরোধে কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা। অবিলম্বে সংগঠনের নাম ও পদবি ব্যবহার করে কথিত অবৈধ কর্মকাণ্ড বন্ধ না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এ সময় বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনারও অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বজলুর রহমান বাবলু বিএনপির কোনো কমিটিতে ছিলেন না। অথচ দলটির নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করা হয়। এতে বিএনপি এবং সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলন থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নাম, পদবি ও সাংগঠনিক পরিচয় ব্যবহার করে যাতে কেউ দেশের সাধারণ জেলেদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশের প্রান্তিক ও অসহায় জেলেদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে সংগঠনটি কাজ করছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় সংগঠন নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জেলেদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর) এবং সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি রাষ্ট্র ও সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টিতে আনার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতারা। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *