Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অবৈধ বনভূমি উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা - দৈনিক স্বাধীন সংবাদ

অবৈধ বনভূমি উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজারের সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বন বিভাগ।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে আইনানুগ অভিযান পরিচালনার সময় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

আহতরা হলেন—পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানমালি সাইদুল ইসলাম, বাগানমালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। তাঁদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের শারীরিক অবস্থা গুরুতর। প্রয়োজন হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হতে পারে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ দখল উচ্ছেদে গেলে বনকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হামলার সঙ্গে পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির (৫০), সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া হামলায় আরও কয়েকজন অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে গেলেই একটি প্রভাবশালী চক্র বারবার হামলা, বাধা ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিচ্ছে। সর্বশেষ এ হামলার ঘটনায় বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংরক্ষিত বনভূমি রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *