সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাঠগড় রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মাবুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুহুরি পাড়ার মৃত সাহাব উদ্দিনের ছেলে অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় মুদিদোকানি আবু তাহের দোহাজারী থেকে দোকানের মালামাল কিনে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব কাঠগড় রেলগেট এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়ে। ঠিক সে সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন যাত্রী আবু তাহের। অপরদিকে, অটোরিকশাচালক আব্দুস শুক্কুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গেটম্যানের দাবিতে এলাকাবাসীর রেলপথ অবরোধ

দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কাঠগড় রেলগেটে স্থায়ী গেটম্যান নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং রেললাইনে গাছ-বাঁশ দিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে সাতকানিয়া থানা ও রেলওয়ে পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গেটম্যান নিয়োগের বিষয়ে আশ্বস্ত করার পর আন্দোলনকারীরা রেলপথ থেকে অবরোধ তুলে নেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজনের মৃত্যুর ঘটনায় বিকেল ৪টার দিকে রেলপথ অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে। এরপর রেলপথে স্বাভাবিক চলাচল শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *