আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় সাঙ্গু নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে সাঙ্গু নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা বিষয়টি সাতকানিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে অজ্ঞাতনামা ওই নারীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স আনুমানিক ২৭ বছর। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, উদ্ধার করা নারীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় সাঙ্গু নদীতে একজন নারীর লাশ ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধার হওয়া নারীর পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবং কীভাবে তার লাশ সাঙ্গু নদীতে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।