মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি রামদা ও একটি মাইক্রোবাসসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অবৈধ অস্ত্র, গুলি ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ১২ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার ২ নম্বর ওয়ার্ডে চিশতিয়া বেকারির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. সজিব আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত কালো রঙের রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি কালো রঙের মাইক্রোবাস এবং তিনটি ধারালো রামদা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রিভলবারে ASTRA SPAIN এবং ASTRA 680 লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি এবং অস্ত্র আইনে পৃথক আরেকটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সজিব আহমেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্যবিরোধী হত্যা মামলাও বিচারাধীন রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।