আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। সোমবার ভোরে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী বলেন, ধারাবাহিক বিস্ফোরণের কারণে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারে কিছুটা বিলম্ব হয়েছে।
আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে বলেন, শেষ রাতের দিকে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে ছাদে উঠে দূরে বিশাল অগ্নিশিখা দেখতে পান।
তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনো জানা যায়নি। আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব শহরের বাসিন্দাদের আপাতত ঘর থেকে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শহরের হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোর মেয়র।
সম্প্রতি সিরিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব বিস্ফোরণের কারণ কী এবং এর জন্য কারা দায়ী—এ বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ শারা নেতৃত্বাধীন সরকার এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।