আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের তামিলনাড়ুর এক নারী ইনফ্লুয়েন্সারের বাড়ি থেকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণ ও হীরার গহনা এবং নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের গহনা, নগদ টাকা ও পরিবারের ভ্রমণের ছবি-ভিডিও পোস্ট করতেন ওই নারী। তাঁর অনলাইন পোস্ট দেখেই চোরেরা চুরির পরিকল্পনা করেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ভুক্তভোগী ইনফ্লুয়েন্সারের নাম মধুমিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা সাড়ে চার লাখের বেশি। তিনি নিয়মিত নিজের বিপুল পরিমাণ গহনা ও নগদ অর্থের ভিডিও ও ছবি অনুসারীদের সঙ্গে শেয়ার করতেন।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুমিতা ও তাঁর পরিবারের সদস্যরা কেনাকাটার জন্য বাড়ির বাইরে যান। এ সুযোগে চোরেরা বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি লুট করে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার, মূল্যবান হীরার গহনা এবং ৫০ হাজার রুপি নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির কিছুদিন আগেই মধুমিতা বিছানায় টাকার বান্ডিল ছড়িয়ে এবং শরীরে প্রচুর গহনা জড়িয়ে বেশ কিছু রিলস ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। এমনকি পরিবার নিয়ে কখন এবং কোথায় যাচ্ছেন, সেই তথ্যও তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালে শেয়ার করেছিলেন।
পুলিশের ধারণা, চোরেরা হয়তো দীর্ঘদিন ধরে মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে নজর রাখছিল। তাঁর অনলাইন পোস্ট থেকেই তিনি কখন বাড়িতে থাকবেন না এবং কোথায় গহনা রাখা আছে—এসব তথ্য চোরেরা জানতে পেরেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এর আগে একটি ভিডিওতে মধুমিতা দাবি করেছিলেন, কীভাবে নিজের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে হয়, সে বিষয়ে তিনি ভালোভাবেই জানেন। চুরির ঘটনার পর তাঁর সেই পুরোনো ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।