নিজস্ব প্রতিবেদক:
প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তিনি প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী নিয়ে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টার, একাডেমিক স্কুল, স্টাডি সেন্টার, বহির্বিশ্বে পরিচালিত শিক্ষা কার্যক্রম, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসহ সার্বিক কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ক্ষেত্রে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা প্রান্তিক ও কর্মজীবী মানুষ, গৃহিণী, ঝরে পড়া শিক্ষার্থী এবং দুর্গম এলাকায় বসবাসকারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপাচার্য আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।