নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে ইউরেনিয়াম ও বিরল খনিজের বিশাল মজুতের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে দেশটির মদিনার জাবাল সাইদ এলাকায় প্রায় ১১ কোটি টন ইউরেনিয়াম ও বিরল খনিজ উপাদানের আকরিকের মজুতের তথ্য পাওয়া গেছে।
সৌদি আরবের জ্বালানিসম্পদ মন্ত্রী প্রিন্স আবদুলাজিজ বিন সালমান গত সোমবার এক ঘোষণায় এ তথ্য জানান।
তিনি বলেন, জাবাল সাইদ এলাকায় পরিচালিত অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণায় বিপুল পরিমাণ ‘রেয়ার আর্থ এলিমেন্ট’ বা বিরল মৃত্তিকা মৌলের পাশাপাশি আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গেছে।
সৌদি জ্বালানিসম্পদ মন্ত্রীর ঘোষণায় আরও বলা হয়, নতুন খনি-সংক্রান্ত বিভিন্ন তথ্য জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর কাছে পাঠানো হয়েছে। এসব তথ্য নিয়ে আইএইএর ৭০তম অধিবেশনে আলোচনা ও পর্যালোচনা হয়েছে।
এর আগে গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানিসম্পদ মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে ‘যুক্তরাষ্ট্র-সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করেন প্রিন্স আবদুলাজিজ বিন সালমান। চুক্তিটি কয়েক দশকব্যাপী ও বহু বিলিয়ন ডলারের অংশীদারিত্বের আইনি ভিত্তি তৈরি করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়।
চুক্তির ফলে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য আরও বেশি সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে দেশটি। তবে সৌদি আরবের জ্বালানিসম্পদ মন্ত্রী গতকাল খনি আবিষ্কারের তথ্য প্রকাশ করলেও ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগেই এ বিষয়ে অনুসন্ধানের তথ্য সৌদি কর্তৃপক্ষের হাতে এসেছিল।
সূত্র: আরব নিউজ