সৌদি আরবের প্রতি সংহতি জানালেন রোনালদো, স্কার্ফ হাতে উদযাপন

স্পোর্টস ডেস্ক:

সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নেফৎচি ফারগানার বিপক্ষে আল নাসরের ম্যাচের আগে ও পরে সৌদি আরবের প্রতি নিজের সমর্থন জানান তিনি।

সোমবার রাতে রিয়াদে অনুষ্ঠিত ম্যাচটি নিরাপত্তা পরিস্থিতির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়। ম্যাচে আল নাসর ৩-১ গোলে জয় পায়। রোনালদোও করেন একটি দৃষ্টিনন্দন গোল।

ম্যাচ শুরুর আগে সৌদি আরবের জাতীয় পতাকায় চুমু খান রোনালদো। খেলা শেষে জয় উদযাপনের সময় গ্যালারির এক দর্শকের কাছ থেকে সৌদি জাতীয় দলের একটি স্কার্ফ নিয়ে বাতাসে নাড়ান তিনি। পরে স্কার্ফটি গলায় জড়িয়ে দর্শকদের সঙ্গে জয় উদযাপন করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

রোনালদোর এমন উদযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সৌদি আরবের প্রতি তাঁর সংহতি প্রকাশের বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

২০২৩ সালের শুরুতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর দেশটির ফুটবল ও ক্রীড়াঙ্গনের সঙ্গে তাঁর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। গত বছর ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়নের সময় তিনি বলেছিলেন, “আমি পর্তুগিজ। কিন্তু আমি সৌদি আরবেরও।”

রোনালদোর স্কার্ফ হাতে উদযাপনের ছবি প্রকাশ করে আল নাসরের ইংরেজি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে লেখা হয়, ‘সৌদি আরবের একটি টুকরো, যিনি হৃদয়ের খুব কাছাকাছি।’

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রোনালদোর এই প্রতীকী উদযাপন দেশটির প্রতি তাঁর সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *