নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে স্ত্রীকে হত্যার কথা জানান তিনি। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার সন্দেহ এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার দিবাগত রাতে তাঁদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে তাঁকে শ্বাসরোধের পর গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আব্দুল মান্নান মনির নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে এবং তাঁর স্বামীকে আটক করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।