আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন ভারতের বিহারের এক নারী। কিন্তু প্রায় দুই বছর পর তার নিখোঁজ হওয়ার রহস্যের ভয়াবহ পরিণতি সামনে এলো—দামান শহরে একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয়েছে তার মরদেহ। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক পলাতক রয়েছেন।
নিহত নারীর নাম ছোটি কুমারী। তিনি বিহারের নওয়াদা জেলার বাসিন্দা। সম্প্রতি একটি ট্রলি ব্যাগে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দামান পুলিশ। পরে তদন্তে মরদেহটির পরিচয় নিশ্চিত করে নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়।
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, বিবাহিত থাকা অবস্থায় ঋষভ কুমারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ছোটি। পরিবারের আপত্তি উপেক্ষা করে প্রায় দুই বছর আগে তিনি স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগও করা হয়েছিল।
তদন্তে জানা গেছে, বিহার ছাড়ার পর ছোটি ও ঋষভ দামানে গিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে একসঙ্গে বসবাস করছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরিবারের অভিযোগ, প্রেমিক ঋষভ কুমারই ছোটি কুমারীকে হত্যা করে মরদেহ ট্রলি ব্যাগে ভরে ফেলে রেখে পালিয়ে গেছেন। বর্তমানে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
দামান পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পলাতক অভিযুক্তকে আটক করা গেলে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে বলে আশা করছেন তদন্তকারীরা।