বিনোদন ডেস্ক:
তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে এবার হলিউডে পাড়ি জমাচ্ছে দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতির সাড়াজাগানো সিনেমা ‘মহারাজা’। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে সাড়া জাগানো নিথিলন স্বামীনাথন পরিচালিত এই থ্রিলারটির ইংরেজি সংস্করণের ঘোষণা আনুষ্ঠানিকভাবে এসেছে। নির্মাতাদের দাবি, কোনো তামিল সিনেমার এটি হতে যাচ্ছে প্রথম হলিউড রিমেক।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণে মূল চরিত্রে অভিনয় করতে পারেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে। তবে এ নিয়ে জোর আলোচনা থাকলেও নামটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।বিষয়টি নিয়ে সিনেমাটির প্রযোজক সুধন সুন্দরম জানান, প্রথম সারির একজন আন্তর্জাতিক তারকাকে মূল চরিত্রে রেখে কাজটি করার পরিকল্পনা রয়েছে। ‘মহারাজা’ মুক্তির পরই আমেরিকার একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির স্বত্ব কেনার আগ্রহ দেখায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই শুরু হবে রিমেকটির শুটিং।সিনেমাটির মূল গল্প আবর্তিত হয়েছিল একটি হারিয়ে যাওয়া ডাস্টবিনকে কেন্দ্র করে। মহারাজা নামের সাধারণ এক ব্যক্তি চুরির অভিযোগ নিয়ে থানায় হাজির হন। পুলিশ প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও তদন্তের পরতে পরতে বেরিয়ে আসে শিহরিত হওয়ার মতো গোপন রহস্য।তুচ্ছ এক অভিযোগ কীভাবে অন্ধকার অপরাধ ও চরম প্রতিশোধের গল্পে রূপ নেয়, সেটিই ছিল সিনেমাটির মূল প্লট। এদিকে হলিউড সংস্করণের শিল্পী ও কলাকুশলীদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমায় বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেছিলেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম ও মমতা মোহনদাস।