মো. আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. সোলায়মান দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় চর যতিন ও জংলার খান বাজার এলাকার ব্যবসায়ী, ভোটার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন সোলায়মান। তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে সোলায়মানের সঙ্গে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ ইব্রাহিম, মো. হাফিজ ইয়াসিন, মো. হানিফ হাজি, মো. আলআমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকেরা।
মতবিনিময়কালে মো. সোলায়মান বলেন, নির্বাচিত হলে ৩ নম্বর ওয়ার্ডের চর যতিন এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। বিশেষ করে এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারি অনুদান ও বিভিন্ন সুযোগ-সুবিধা সঠিকভাবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, তিনি সবসময় ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। কোনো মানুষ অসুস্থ হলে কিংবা বিশেষ করে মনপুরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তাঁর খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে ওয়ার্ডের সব মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।
নিজের পরিচয় তুলে ধরে সোলায়মান বলেন, তিনি চর যতিন গ্রামের স্থায়ী বাসিন্দা। ছোটবেলা থেকেই এই এলাকার মানুষের সঙ্গে বেড়ে উঠেছেন। তাঁর বাবা মরহুম শামসুল হক এলাকার একজন সমাজসেবক হিসেবে মানুষের পাশে ছিলেন। বাবার স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন সোলায়মান।
তিনি বলেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে চর যতিন এলাকায় বসবাস করে আসছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পারিবারিকভাবেও মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন তাঁরা।
গণসংযোগের সময় স্থানীয় ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সোলায়মান তাঁর নির্বাচনী পরিকল্পনা ও এলাকার উন্নয়নে তাঁর বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ শেষে এলাকাবাসীর উদ্দেশে মো. সোলায়মান বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”
সবশেষে তিনি হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।