কামরুল ইসলাম:
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন ফরিদ (৪৯) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেট এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার নাজিম উদ্দিন ফরিদ একই ইউনিয়নের মোহসনা পাড়ার মৃত মৌলানা বাদশা আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে অভিযান চালিয়ে নাজিম উদ্দিন ফরিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনায় অভিযানে অংশ নেওয়া তিন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং গ্রেপ্তার নাজিম উদ্দিন ফরিদকে থানায় নিয়ে যায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ১০টি ককটেল ও ৬টি আতশবাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নাজিম উদ্দিন ফরিদকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি নাজিম উদ্দিন ফরিদকে নাশকতার একটি মামলায় র্যাব-৭ গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।