স্পোর্টস ডেস্ক:
যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ডের বেশি অনুদান সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। এ উদ্যোগে অংশ নেওয়া দাতা, সমর্থক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনুদান সংগ্রহের তথ্য জানান হামজা।
যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা করে নুজুম স্পোর্টস নামের একটি সংস্থা। ব্রিটিশ ফুটবলে মুসলিম খেলোয়াড়দের অধিকার সুরক্ষায় ‘মুসলিম অ্যাথলেট চার্টার’ উদ্যোগের জন্যও পরিচিত প্রতিষ্ঠানটি। বিভিন্ন দাতব্য কার্যক্রমে সংস্থাটির সঙ্গে যুক্ত রয়েছেন হামজা।
নিজের পোস্টে হামজা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করতে পেরেছি। যারা এই আয়োজনে উপস্থিত ছিলেন, অনুদান দিয়েছেন, সমর্থন জুগিয়েছেন এবং আয়োজনটি সফল করতে অবদান রেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
এই উদ্যোগ বাস্তবায়নে সময় ও পরিশ্রম দেওয়ায় নুজুম স্পোর্টসকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। হামজা বলেন, সংগৃহীত অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের সংস্থার কার্যক্রমে সহায়তা করবে। সংস্থাটি গাজার শিশুদের জরুরি সহায়তা দিয়ে থাকে।
হামজা জানান, সংগৃহীত অর্থের পুরোটাই জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন—এমন শিশুদের সহায়তায় ব্যয় করা হবে। এসব শিশুর অনেকের বেঁচে থাকার জন্য চিকিৎসার প্রয়োজনে অন্যত্র স্থানান্তর অত্যন্ত জরুরি।
ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে হামজা আরও বলেন, অল্প সময়ের মধ্যে এত অর্থ সংগ্রহ করতে পেরে তিনি কৃতজ্ঞ। তবে গাজার মানুষের দুঃখ-কষ্টের তুলনায় এ অবদান খুবই সামান্য। এখনো অনেক কিছু করার বাকি রয়েছে। ছোট প্রচেষ্টাও পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তিনি।
পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের কষ্ট লাঘব, শক্তি ও ধৈর্য এবং স্থায়ী শান্তির জন্য প্রার্থনা করেন হামজা।