Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
হুতি হামলার পর লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, স্যাটেলাইট ছবিতে মিলল প্রমাণ - দৈনিক স্বাধীন সংবাদ

হুতি হামলার পর লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, স্যাটেলাইট ছবিতে মিলল প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর লোহিত সাগরে সৌদি আরবের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘এনসেলিয়া’-তে ভয়াবহ আগুন লেগেছে। নাসার স্যাটেলাইটে ধারণ করা সর্বশেষ ছবিতে জাহাজটির অবস্থানস্থলে উজ্জ্বল আলোর উপস্থিতি দেখা গেছে, যা ট্যাংকারটিতে তীব্র আগুন জ্বলতে থাকার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে সৌদি আরবও নিশ্চিত করে যে, লোহিত সাগরে হামলার শিকার হওয়ার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। যদিও জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করে। তবে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত একটি ট্যাংকারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নাসার স্যাটেলাইট চিত্রে যে উজ্জ্বল আলো দেখা গেছে, সেটি ঠিক সেই স্থান যেখানে ‘এনসেলিয়া’ সর্বশেষ তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) থেকে অবস্থান সম্প্রচার করছিল। আগের দিন একই স্থানে ধারণ করা স্যাটেলাইট ছবিতে এমন কোনো আলোর উপস্থিতি ছিল না, যা হামলার পর আগুন লাগার দাবিকে আরও জোরালো করছে।

সৌদি বার্তা সংস্থার বরাত দিয়ে দেশটির পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, লোহিত সাগর অতিক্রম করার সময় ট্যাংকারটিতে হামলা চালানো হয়। এতে জাহাজের সামনের অংশে আগুন ধরে যায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, সৌদি আরবের সুকাইক (Suqaiq) শহর থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। যদিও সংস্থাটি জাহাজটির নাম প্রকাশ করেনি।

লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি পরিবহনকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *