বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়া। এত দিন সম্পর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও এবার প্রকাশ্যেই প্রেমের কথা স্বীকার করেছেন অভিনেত্রী। তবে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন জাহ্নবী। এ সময় করণ তাঁকে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন কি না, জানতে চাইলে কোনো রাখঢাক না করেই জাহ্নবী বলেন, ‘হ্যাঁ, করছি।’
তবে ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত খোলামেলা হতে চান না অভিনেত্রী। তাঁর ভাষ্য, ব্যক্তিগত বিষয়গুলো পুরোপুরি গোপন রাখার জন্য সব সময় লুকোচুরি করাও বিরক্তিকর। সম্পর্ক নিয়ে অযথা রাখঢাক করার কোনো অর্থ নেই বলেও মনে করেন তিনি।
শিখরের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথাও তুলে ধরেছেন জাহ্নবী। অভিনেত্রীর মা শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে চলে এসেছিলেন। সে সময় একটি সেমিস্টারের পরীক্ষাও দিতে পারেননি তিনি। জাহ্নবীর পাশে থাকার জন্য এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন, যাতে যেকোনো প্রয়োজনে তাঁর পাশে থাকতে পারেন।
জাহ্নবীর কথায়, শিখর তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাঁর এই ভূমিকা ও কঠিন সময়ে পাশে থাকার বিষয়টি সম্পর্কের গভীরতার কথাই তুলে ধরে।
এদিকে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করায় স্বাভাবিকভাবেই বিয়ের প্রসঙ্গও সামনে এসেছে। তবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাহ্নবী। আপাতত তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে ভালো আছেন বলেও জানান অভিনেত্রী।
অন্যদিকে, অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী কাপুর। তাঁর হাতে রয়েছে ‘লাগ যা গলে’, ‘রাকা’ এবং নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা। সাম্প্রতিক সময়ে তাঁর অভিনয় ও পর্দায় উপস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও নতুন কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।