মোহাম্মদ হোসেন হ্যাপী:
“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ জুন পর্দা উঠছে নারায়ণগঞ্জের মেধাবী ও যুক্তিবাদী শিক্ষার্থীদের অনন্য মিলনমেলা ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’-এর।
‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অব বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ উৎসবে সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রায় ৬০০ শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষকের অংশগ্রহণে আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশ, দলগত নেতৃত্বের চর্চা এবং যুক্তিনির্ভর চিন্তাশীল প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।
জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আট দিনব্যাপী এই আয়োজন। প্রাথমিক পর্যায়ের ৩২টি এবং মাধ্যমিক পর্যায়ের ২৮টি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা শেষে সেরা দুটি দল আগামী ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। উপস্থিত ছিলেন ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
ইতোমধ্যেই এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাভিশন, ৭১ টিভি, দ্য ডেইলি স্টার ও আরটিভিসহ দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যম।
আয়োজকদের মতে, শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ শিক্ষা, মেধা ও যুক্তিভিত্তিক কার্যক্রমেও সমানভাবে অগ্রসর। ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় বিতর্ক অঙ্গনের সঙ্গে নারায়ণগঞ্জের ঐতিহ্যের একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করবে। একই সঙ্গে টেলিভিশন ও বেতার বিতর্কে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করবে।