১৯ নভেম্বর ‘মডেল খাল’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৯ নভেম্বর ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি। শুষ্ক মৌসুমে চাষাবাদ, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন, খালে মাছ চাষ এবং খালপাড়ে গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকার আগামী বছর পরীক্ষামূলকভাবে দেশের ২০টি খালকে ‘মডেল খাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। এসব খালে পানি নিষ্কাশন ও সংরক্ষণের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ ও হাঁস পালনের মতো সমন্বিত কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী সময়ে এ ধরনের ‘মডেল খাল’ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ও নিষ্কাশনের ব্যবস্থাও এসব খালে রাখার কথা বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরও বলেন, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ), জিআর (জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে। একই সঙ্গে এসব কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে আর্থিক প্রবাহও সঞ্চারিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সারা দেশের ডিআরআরও ও পিআইওরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো অর্থ যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *