নিজস্ব প্রতিবেদক:
পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বাড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি থানায় কর্মরত সীমিতসংখ্যক পুলিশ সদস্যের পক্ষে এককভাবে পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বাড়াতে সমন্বয় কমিটি গঠন করা প্রয়োজন।
তিনি বলেন, পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরাধীদের শনাক্ত করার পর গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
ইয়াসের খান চৌধুরী বলেন, একটি নিষিদ্ধ দলের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও তৎপর থাকতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ কারণে মাদক কারবারিদের তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি।
মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইয়াবা উদ্ধার ও মাদক নির্মূলে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে যাতে কোনো এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সংবাদকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও সতর্ক থাকতে হবে, যাতে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই মিথ্যা মামলা নেওয়া যাবে না। আইন প্রয়োগের ক্ষেত্রে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।