অপ্রতিমের মৃত্যুতে শোকাহত শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক:

বয়স মাত্র ১৩ বছর। পড়ত সপ্তম শ্রেণিতে। ছবি তুলতে ভালোবাসত অপ্রতিম। প্রায়ই মুঠোফোন হাতে ছবি তুলতে বের হতো সে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলেও ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিলেছে তার মরদেহ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। এ ঘটনায় শোক জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

অভিনেতা সিয়াম আহমেদ এক ফেসবুক পোস্টে অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে। একটা সন্তান বিকেলে বাসা থেকে বের হয়েছিল ছবি তুলবে বলে। সেই সন্তান আর বাসায় ফিরল না।’

সিয়াম আরও লেখেন, অপ্রতিমের বাবা-মা ও পরিবারের সদস্যদের কষ্ট কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আসার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, সত্য যেন কোনোভাবেই চাপা না পড়ে এবং সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

অপ্রতিমের মৃত্যু নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সিয়াম আরও বলেন, ‘অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না।’ একই সঙ্গে সন্তানদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরির দায়িত্ব সবার বলে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লেখেন, ‘অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুর খবরটি দেখে সত্যিই আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন—এভাবে অকালে ঝরে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।’

পূজা আরও বলেন, একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়। অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানিয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে পরিবারটিকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করেন।

ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়ে পূজা লেখেন, সত্য সামনে আসুক এবং যারা দায়ী, তারা আইনের আওতায় আসুক—এটাই তাঁর প্রত্যাশা। অপ্রতিমের প্রতি ভালোবাসা ও প্রার্থনাও জানান তিনি।

অভিনেতা ইরফান সাজ্জাদও অপ্রতিমের মৃত্যুতে শোকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অপ্রতিমের এমন মৃত্যুতে শোবিজ তারকাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শোক ও ক্ষোভ প্রকাশ করছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *