মোঃআনজার শাহ :
বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নবনিযুক্ত চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু। বৈঠকে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ:
সাক্ষাৎকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ও উদ্যোগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ২০০৪ সালে তাঁর সরকারের আমলে প্রতিষ্ঠিত এই সংস্থার অন্যতম লক্ষ্য ছিল দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা এবং দেশের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।
আলোচনার মূল বিষয়:
বৈঠকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সর্বাত্মক সহযোগিতার আশ্বাস অর্থমন্ত্রীর:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে আরও শক্তিশালী, জনকল্যাণমুখী ও সময়োপযোগী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন মাননীয় অর্থমন্ত্রী। উভয়ে প্রত্যাশা ব্যক্ত করেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন নেতৃত্বে আস্থা:
নবনিযুক্ত চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুর অভিজ্ঞতা, মেধা ও নেতৃত্বে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাননীয় অর্থমন্ত্রী। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন তথা মানুষের কল্যাণে, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি স্বাবলম্বী সমাজ বিনির্মাণে নতুন দায়িত্ব পালনে খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুর সফলতা কামনা করেন।