এ আর সুমন:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও প্রকাশের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর ২০২৬ হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর জারি করা গণবিজ্ঞপ্তিতে ভোটার তালিকা আইন, ২০০৯-এর ৩(জ) ধারা অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের তারিখ ৩১ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে পাঠানো এবং ৫ নভেম্বর হালনাগাদকৃত খসড়া তালিকা প্রকাশের সময় নির্ধারণ করা হয়। খসড়া তালিকায় কোনো ভুলত্রুটি, অসংগতি বা তথ্যের ঘাটতি থাকলে তা সংশোধনের জন্য দাবি, আপত্তি ও সংশোধনী আবেদন দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর।
এ ছাড়া সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর এবং গৃহীত সিদ্ধান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ তারিখ ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ২৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা।
গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ভোটারদের খসড়া তালিকায় নিজেদের নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কোনো ভুল বা অসংগতি পাওয়া গেলে ২০ নভেম্বরের মধ্যে অষ্টগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে অথবা ডাকযোগে সংশোধনের আবেদন করতে বলা হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশনের এ গণবিজ্ঞপ্তি স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর এবং অষ্টগ্রাম প্রেস ক্লাবসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশের জন্য প্রেস ক্লাবের সভাপতিকে অনুরোধ জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অষ্টগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও রেজিস্ট্রেশন কর্মকর্তা সোহাগ মিয়া।
সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং ভুলত্রুটি সংশোধনে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।