অসচ্ছলদের জন্য আলোর হাত বাড়াল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি

 

মোঃ আনজার শাহ

কারও চোখে ঝাপসা দৃষ্টি, কারও আবার দীর্ঘদিনের ছানির যন্ত্রণা। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেরই নিয়মিত চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। এমন মানুষের পাশে দাঁড়াতেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা। উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের মহেশপুরে আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মহেশপুর দক্ষিণপাড়া প্রবাসী কল্যাণের সহযোগিতায় এবং নিশ্চিন্তপুর গীতা ও শারদ যুব মেডিকেল টিমের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড গ্লুকোজ পরীক্ষা করা হয়।

পরীক্ষা শেষে যাঁদের ছানি অপারেশন প্রয়োজন, তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকেরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চক্ষুসেবা থেকে বঞ্চিত না হন, এটাই তাঁদের মূল লক্ষ্য।
এ উদ্দেশ্যে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। আগের এক ক্যাম্পেও প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং ৬২ জনকে ছানি অপারেশনের জন্য কুমিল্লার আলেখারচর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও মানবিক সহযোগিতায় বরুড়ায় চক্ষুসেবা আরও বিস্তৃত হবে। আর্থিক সংকট যেন কারও সুস্থভাবে দেখার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই তাঁদের এই প্রচেষ্টা।

সংগঠনের সভাপতি তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম, সহসভাপতি জেড. এইচ. জহির, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, নির্বাহী সদস্য মো. কামাল হোসেন ভূঁইয়া, আজীবন সদস্য মো. নিজামুল হক, বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট স্বপন কুমার দাস এবং সাধারণ সদস্য মো. রাসেল হোসেনসহ সংগঠনের অন্য সদস্যরা।

উল্লেখ্য, বরুড়ায় সম্প্রতি একাধিক বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যেখানে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের চোখ পরীক্ষা, ওষুধ, পরামর্শ এবং প্রয়োজনে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *