আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ডিম দিবস ও বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর বসুন্ধরা ক্যাম্পাসে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত এ সেমিনারে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি, জনস্বাস্থ্য এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সেমিনারে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগী হিসেবে অংশ নেয় আইইউবি ও ক্যাব ইন্টারন্যাশনাল। আলোচনায় খাদ্যবাহিত রোগ প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ব ডিম দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ছিল ‘প্রোটিন দ্যাট পাওয়ারস অ্যান্ড প্রটেক্টস’। এতে ডিমের পুষ্টিগুণ ও জনস্বাস্থ্যে এর ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়। অন্যদিকে, বিশ্ব খাদ্য দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘ইনোভেট টুডে, নারিশ টুমরো’—অর্থাৎ ‘আজ উদ্ভাবন, আগামী দিনের সমৃদ্ধি’। এ প্রতিপাদ্যে খাদ্য উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ খাদ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া সেমিনারের আয়োজন, মূল প্রবন্ধ ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশ্ন, মতামত ও পরামর্শ একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সংগ্রহ করা হয়। এসব মতামত পর্যালোচনা করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানায় আয়োজক কর্তৃপক্ষ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান।

সেমিনারে কৃষি ও নিরাপদ খাদ্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। প্রাণিসম্পদ ও মৎস্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ক্যাব ইন্টারন্যাশনালের বিশেষজ্ঞরা প্রবন্ধগুলোর ওপর আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিএসএসএফের সাংগঠনিক সম্পাদক ও আইইউবির লাইফ সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জীবুন্নাহার খন্দকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসএসএফের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান।

আয়োজক বিএসএসএফ আশা প্রকাশ করেছে, এ আয়োজনের মাধ্যমে নীতিনির্ধারক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সংলাপ, জ্ঞান বিনিময়, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *