আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

স্বাধীন সংবাদ খেলা: 

ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে ১১ জুন অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ। পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ দিন দুপুরে বাংলাদেশ ৩২-২৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে। আগের দিন অনূর্ধ্ব-২০ বিভাগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪৩-২২ গোলে উড়িয়ে দিয়েছিল আফগানিস্তানকে।

মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি জিততে অনেক পরিশ্রম করেছে বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের স্কোর ছিল ১৫, মালদ্বীপের ১৪। তবে সময় যত গড়িয়েছে, ততই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র জেবে দাই বম। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮টি গোল করেছেন খাইচলোং মারমা।

প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পুরস্কার জিতে উচ্ছ্বসিত জেবে দাই বম। তিনি বলেন, “মালদ্বীপ অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওদের সঙ্গে আমরা জান-প্রাণ দিয়ে লড়াই করেছি। আমরা দুই মাস যাবৎ প্র্যাকটিস করেছি বলেই পেরেছি। ইনশাল্লাহ, পরের ম্যাচেও আমরা আরও ভালো করব। কখনও মনে হয়নি ম্যাচ হেরে যেতে পারি। আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা যে করেই হোক জিতব।”

১২ জুন শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। এবার ভারতকেও হারানোর স্বপ্ন দেখছেন তিনি। তিনি বলেন, “আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে। ভারত অত্যন্ত শক্তিশালী দল। ওদের ছোট করে দেখছি না। ওদের সঙ্গে আমরা জেতার চেষ্টা করব।”

এর আগে ১১ জুন বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৮ বিভাগের প্রথম ম্যাচে বেলা ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হয় নেপাল। ওই ম্যাচে নেপাল ৪০-২১ গোলে হারিয়েছে আফগানিস্তানকে।

১২ জুন শুক্রবার অনূর্ধ্ব-২০ বিভাগে ভারত বিকেল ৩টায় খেলবে নেপালের বিপক্ষে। বিকেল ৫টায় বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *