আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট, বিপাকে ২ কোটি আমানতকারী: গভর্নর

নিজস্ব প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তাঁর দাবি, এর প্রভাব পড়েছে দেশের প্রায় ২ কোটি আমানতকারীর ওপর।

বুধবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত ‘বাংলা কিউআর’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে দুর্বল অবস্থায় রেখে গেছে। তাঁর ভাষায়, ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে। যেগুলোকে সাধারণভাবে খেলাপি ঋণ বলা হচ্ছে, সেগুলো প্রকৃতপক্ষে ‘চুরি’।

তিনি বলেন, এ পরিস্থিতির কারণে দেশের প্রায় ২ কোটি আমানতকারী ভোগান্তির মুখে পড়েছেন। এমন অবস্থায় ব্যাংকিং খাতকে স্বাভাবিকভাবে পরিচালনা করা অত্যন্ত কঠিন।

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, অনিয়মের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মোস্তাকুর রহমান জানান, বর্তমানে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের হার প্রায় ৩৬ শতাংশ, যা পুরো আর্থিক খাতের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় ১৮ মাসব্যাপী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, পরিকল্পনার প্রথম ছয় মাসে ‘বুলেট পেমেন্ট’-এর মাধ্যমে ঋণ পরিশোধ ও এক্সিটের সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তী এক বছরে ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন’ এবং ‘অর্থ ঋণ আদালত আইন’-এর আওতায় খেলাপি ঋণ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। আগামী সংসদ অধিবেশনেই আইন দুটি পাস হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় গভর্নর আরও জানান, জুলাই আন্দোলনের তরুণদের সহায়তার বিষয়টি বিবেচনায় রেখে সারা দেশে ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে, ২৮ বছরের কম বয়সী তরুণ-তরুণীকে নির্বাচন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *