অনলাইন ডেস্ক:
দেশের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর দুর্বৃত্তায়নের ভিত্তি সম্মিলিতভাবে উপড়ে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজের নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তবে সেই রাজনীতি কখনো দেশের বা জনগণের বিরুদ্ধে হতে পারে না। যারা রাজনীতির নামে সন্ত্রাস, নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টি করে, সেটি রাজনীতি নয়। তারা সন্ত্রাসী, ফ্যাসিবাদী এবং দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান করছে।
তিনি আরও বলেন, এত গণহত্যা, গুম, খুন, সন্ত্রাস ও নৈরাজ্য করার পরও যারা অনুতপ্ত নয়, তাদের রাজনীতি করার অধিকার থাকার কথা নয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম. ফিরোজ আলম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহিদা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হাছান উদ্দীন এবং সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, আবুল কাশেম বাহার, বিএনপি নেতা কাজী একরামুল হক, আনিসুল হক ও মোমিন বাহার প্রমুখ।