নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সঙ্গে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কোনো সাম্প্রতিক বিক্ষোভের সম্পর্ক নেই। এটি পুরোনো একটি কর্মসূচির ভিডিও বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি চলতি কোনো বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সংসদ অভিমুখে পদযাত্রা এবং স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির ভিডিওকে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ভিডিও হিসেবে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ‘ডিসকভার বাংলা’ নামের একটি ফেসবুক পেজে গত ৩০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে।
‘সংসদ ভবন ঘেরাও হবে’ স্লোগানে সংসদ ভবন অভিমুখে জামায়াত জোট—এমন ক্যাপশন দিয়ে ৩০ আগস্ট ভিডিওটি প্রকাশ করা হয়। এতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। মিছিল থেকে ‘ঘেরাও ঘেরাও, ঘেরাও হবে; সংসদ ভবন, ঘেরাও হবে’—এমন স্লোগানও দিতে দেখা যায়।
এ ঘটনায় একাধিক জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। ৩০ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট সংসদ অভিমুখে পদযাত্রা করে।
ওই কর্মসূচিতে জোটের পক্ষ থেকে স্পিকারের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। এতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা সুপারিশগুলো কোনো পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করাসহ বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিসহ কয়েকটি দাবি জানানো হয়।
রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির সঙ্গে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কোনো বিক্ষোভের সম্পর্ক পাওয়া যায়নি। ভিডিওটি মূলত ৩০ আগস্ট অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির।
ফলে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে—এমন দাবিতে পুরোনো ভিডিও প্রচারের বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।