মোঃ সাইদুল ইসলাম:
সরকারি নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ডেঙ্গু রোগ প্রতিরোধের অংশ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলাধীন পাথালিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে মশক নিধনে ফগিং ও ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেকের সরাসরি তত্ত্বাবধানে ও উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
অভিযান চলাকালে জহিরুল ইসলাম বলেন, “ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সরকার দেশব্যাপী বিশেষ নির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা পাথালিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে ফগিং মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছড়াচ্ছি এবং যেখানে-সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি পরিষ্কার করছি। তবে শুধু আমাদের একার পক্ষে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, নাগরিকদেরও নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।”
প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক জানান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ইউনিয়নের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে টিম গঠন করে এই কার্যক্রম চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই ক্রাশ প্রোগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।