অনলাইন ডেস্ক:
দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যেতে হবে।রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।মাহফুজ আলম বলেন, রাষ্ট্র পুনর্গঠনের জন্য একদিকে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে, অন্যদিকে জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে হবে। তাঁর মতে, এ দুটি বিষয় পরস্পরবিরোধী নয়।তিনি আরও বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার সামাজিক ও রাজনৈতিক উত্থান প্রয়োজন। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের ‘সন্ত্রাসের ক্ষত’ কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন দরকার বলেও মন্তব্য করেন তিনি।জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, রাষ্ট্র ও অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়াই চালিয়ে যেতে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হওয়ার পাশাপাশি দেশকে গড়ার কাজও করতে হবে।তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। আবার রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষাও বিপর্যস্ত হবে। তাই রাষ্ট্রের স্থিতিশীলতা ও সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।