মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দু’দিন পর সোমবার (২২ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে মারজিয়া (বয়স দেড় বছর) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার মাইদুলের কন্যা।
নিহত শিশুর পিতা ও মাতা জানান, তাদের শিশু কন্যা মারজিয়া ২০ জুন বিকেলে বাড়ির আঙিনায় খেলা করছিল। হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে একসময় তারা হাল ছেড়ে দেন। কিন্তু ২২ জুন, সোমবার সকাল ৯টায় প্রতিবেশীরা বাড়ির পাশের ডোবায় শিশুটির ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহত শিশুর পরিবারের অভিযোগ, তাদের শিশুটিকে কেউ হত্যা করেছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।