মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি সরকারি আবাসন প্রকল্পে এক গৃহবধূকে (৩৫) নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সজিব ওরফে কালাই (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার সরকারি আবাসন প্রকল্পের একজন বাসিন্দা। বুধবার (৮ জুলাই) তিনি নিজ ঘরে একা অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা শাহজাহানের ছেলে সজিব ওরফে কালাই কৌশলে তার ঘরে প্রবেশ করে।
অভিযোগে বলা হয়েছে, ঘরে প্রবেশের পর অভিযুক্ত বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। একপর্যায়ে আত্মরক্ষার চেষ্টা করে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সজিব ওরফে কালাই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী নারী বুধবার রাতেই আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার পরপরই অভিযুক্ত সজিব ওরফে কালাইকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।